আমরা এখন সকাল বেলার পাখি
রৌদ্র বেলার সূর্যডানার
আগুন রঙা পাখি।
রাত গহীনের ঘন কালোয়
সৌরমুখর আলোর পরশ রাখি।
সূ্য্যিমামা জাগার আগে
আরো অনেক - অনেক আগেই
আঁধার কাটা আলো মেখে ভোর এনেছি।
হয়নি সকাল বোলো না মা--
রাগ কোরো না প্লিজ,
চেয়ে দেখো সূবর্ণ ভোর, সোনার খেয়া ভাসে
দিন তো এখন ঘূর্ণিপাকের, বদলে যাওয়ার
দিন বদলের দিন।
বলছি তোমায় আলসে তো নও
তুমি আমার জগত সেরা মা
রাঙা দিনের এই প্রভাতে ঘুমিয়ে থাকা নয়,
সামনে এসো, এই যে তোমার পাশে আমি
চেয়ে দেখো বদলে যাওয়া নতুন দিনের ক্ষণ।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
তেমনি আঁধার তেমনি সকাল রবে,
আমরা সবাই উঠেছি আজ জেগে,
নতুন দিনের সূর্য রাঙা অরুন আলোর
বিপ্লবী এক বিজয় কেতন
বীর তরুণের দল।