ঘরেবাইরে সবখানে, সব আধারে ব্যাপ্ত আঁধার
পরিত্যক্ত কারার স্যাঁতসেঁতে মেঝেতে জমাট
ছোপ ছোপ কালচে ছত্রাক,
জানালার কার্নিশে বিটপীর স্পর্ধিত উচ্ছ্বাস
যেন গিলে খাবে অজস্র বন্দির ইতিহাস,
বিভক্তির জঠরে বাড়ন্ত জিঘাংসার ভ্রূণ
তামার প্রাচীর চেটে খাবে এই ইয়াজুজ-মাজুজ।
কর্তৃত্ববাদীর দৌরাত্ম্যে যখন বিধ্বস্ত কর্মযজ্ঞ
সুখ নিমিত্তে ষষ্ঠীর অনুরণনে বেমানান সম্প্রদান,
অপাদানে পতিত পাথর ক্ষমতার পাহাড় থেকে
কে বাঁচে তখন ! কে বাঁচায় তাকে কার্যকারণে !
অতএব বিমূঢ় নির্বাক করণে বশীভূত সমাজ-রাষ্ট্র।
অদৃষ্টবাদী অধিকরণে শান্তি খুঁজি আমরা
ধর্ম খুঁজি মন্দির-মসজিদ-প্যাগোডায়
আর শান্তির সংজ্ঞা খুঁজি হিংসা ও সংঘাতে
মনুষ্যত্বের লেশ নেই তাই আমাদের ধর্ম-কর্মে।