নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের আহবান বাকবিশিস'র
- হাসান মেহেদী:
-
২০২৪-০৮-০৮ ২২:৪৬:১৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ও প্রতিপক্ষের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। আজ (বৃহস্পতিবার) বাকবিশিস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সরকার পতনের পর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও ভিন্নমতের অনুসারীরা অনিরাপদ বলে প্রতীয়মান হচ্ছে। কোথাও কোথাও সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। অধিকন্তু বংশপরম্পরায় এদেশে বসবাস করে আসা ধর্মীয় সংখ্যালঘু পরিবারের অনেকেই নিজের বাড়িতে নিরাপদে বসবাস করতে পারছেন না বলেও গণমাধ্যমে খবর আসছে। কাউকে কাউকে নিজ দেশে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। আমরা এই অরাজক পরিস্থিতির তীব্র নিন্দা জানাই এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাবিধানে দায়িত্বপ্রাপ্তদের অবিলম্বে এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহবান জানাই।
এছাড়া বাকবিশিস নেতৃবৃন্দ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার আহবান জানিয়েছেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দিয়ে প্রতিটি হলের সকল বৈধ এবং ভিন্নমতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছে।