‘বিভ্রান্তিকর ও অসত্য তথ্য’ বিশ্বাস না করার জন্য অনুরোধ আইএসপিআর এর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৭ ১২:৪২:৪১
image

বুধবার (৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘বিভ্রান্তিকর ও অসত্য তথ্য’ বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 আশুলিয়ায় ভুল বোঝাবুঝির কারণে থানা পুলিশ গুলি চালালে সেনাবাহিনীর টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্যদের নিরস্ত্র করে সেনাবাহিনী। কিন্তু, এ ঘটনা অতিরঞ্জিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।
তাই জ্ঞপ্তিতে বলা হয়, ‘সকলের জান-মাল রক্ষার্থে গত সোমবার (৫ আগস্ট) সাভার সেনানিবাস হতে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন।
তৎক্ষণাৎ আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশে রওনা হলে, থানা ও আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি বর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সঙ্গে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে কিছু বিক্ষুব্ধ জনতা, সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের নিকট হস্তান্তরের দাবি জানায়। এ পর্যায়ে পুলিশ সদস্যদের নিরস্ত্রকরণ, পরিচয় নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।’
‘এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো’, বিবৃতিতে উল্লেখ করে আইএসপিআর।