কিশোরগঞ্জ শহর আন্দোলনকারীদের দখলে, আওয়ামীলীগ অফিসে আগুন

  • ফারুকুজ্জামান,
  • ২০২৪-০৮-০৪ ১৩:৩৯:৫৭
image

কিশোরগঞ্জ :
একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার মানুষ মাঠে নেমে এসেছে। আগুন দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।
সকাল থেকে কিশোরগঞ্জ কার্যত আন্দোলনকারীদের দখলে চলে যায়। 
আজ রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
এসময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদেরকে। 
বেলা ১১ টার দিকে শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল গৌরাঙ্গ বাজারে এসে আন্দোলনকারীদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।
এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংঘটিত হয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। তখন আওয়ামী লীগ অফিসের সামনে থাকা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে দু পক্ষের মধ্যে বিক্ষিপ্ত পাটকেল নিক্ষেপ ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রণে ভঙ্গ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর খরমপট্টি এলাকার বাসায় ভাঙচুর ও আগুন দেয়া হয়।
দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের অফিস জ্বলছিল। সংঘর্ষে হতাহতের খবর এখনো জানা যায়নি।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোথাও বাধা দেয়ার ঘটনা ঘটেনি। 
কিশোরগঞ্জ সদর মডেল থানা ও জেলা কারাগার রক্ষায় সেখানে পুলিশ র্যাব অবস্থান নিয়েছে।
শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের প্রায় সব সড়কে অবস্থান নেয়ায় জেলা শহর অচল হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। সবমিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।