রা ব বা নী স র কা র

  • দুঃখের মুদ্রা
  • ২০২৪-০৭-২৬ ১৫:১২:৫৭
image

আমার প্রেমের কথা তুললে ঠোঁট উলটে হাসো
ওটা বিদ্রুপের হাসি ঠিক বুঝতে পারি,
যদি নিসর্গের উপমায় ঢেকে রাখি তোমায়
নিজেকে নিরুপমা ভেবে আহ্লাদে গদগদ হয়ে ওঠো।

তাই প্রশংসাবাক্য নিয়ে বসে থাকি আজকাল
কখন কোথায় কী কথা বলবো
কী বললে তুমি খুশি হও -- এ' সবেরই চর্চা করি।

যদি বলি, এবারের বসন্ত হবে খুব রঙিন
তুমি বললে, রঙিন নয় বরং ধূসর হও তুমি
বললাম, তুমি নদীর মতোই গভীর ও চঞ্চলা ---
তুমি সতর্ক করলে --- কাছে এসো না, ভেসে যাবে।

শেষে বললাম, রাাজেশ্বরী হও, আমি ভিখারি হবো
তুমি বললে, একটি করে দুঃখের মুদ্রা দেবো প্রতিদিন
                   তোমার হৃদয় পাত্র সমৃদ্ধ হবে তাতে !

তুমি তো নর্তকী নও ---- তবুও
তোমার কথার মুদ্রা আমার দুঃখের সাথে মিলে গেল।