অ র্চ না মা লা কা র

  • তুমি চলে গেলে অবেলায়
  • ২০২৪-০৭-২৬ ১৫:০৯:৩৯
image

বাতিঘর আজ আঁধারে ভরা, কেউ কোথাও নেই, 
ভালোবাসার রঙিন দিনগুলো
এমনিভাবে তামাটে হবে স্বপ্নেও ভাবিনি কখনো।  
প্রথম দেখা হয়েছিল যেদিন
হাতে হাত রেখে বলেছিলে-- কখনো ছেড়ে যাবে না আমাকে,
অথচ তুমি চলে গেলে নীরবে
বলে যাওয়ার সময়টুকুও হলো না আর,
এ দুঃখ বলো সইবো কেমন করে ! 

তোমার বিদায়ের ঘণ্টা বাজে বুকের মাঝে 
তুমি কী শুনতে পাও মাটির ঘর থেকে সে ধ্বনি ! 
বুক সেল্ফের বইগুলো ধরতে দিই না কাউকে 
 যদি তোমার স্পর্শটুকু মুছে যায় শেষে। 
লেখার টেবিলটা আজ শূন্য -- অসমাপ্ত পাণ্ডুলিপি 
পড়ে আছে একপাশে, 
কাউকে ছুঁতে দিইনি শেষে অভিমানে মুখ ঘুরিয়ে রাখো। 

তোমার কোলজের টুকরো ছেলেটার কথাও ভাবলে না
একবার, 
একদিন না দেখে যাকে থাকতে পারো না 
তাকে রেখে কীভাবে ঘুমিয়ে আছ অন্ধকার ঘরে। 
বুঝতে পেরেছি তোমাকে জোর করে নিয়ে গেছে মৃত্যুদূত
তুমি আর ফিরে আসবে না, 
আর কখনো মুছে দেবে না সখীর বিষণ্ণ মুখ
আর কখনো বুকে টেনে নেবে না খোকাকে,
ভালোবাসায় ভরে দেবে না শান্তির ঘরটাকে।