এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে-সুপ্রিম কোর্ট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২১ ১৩:৩৫:২৭
image

আজ রোববার (২১ জুলাই) কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। সূত্র : বিবিসি বাংলা
বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে।
তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট।
এর আগে আপীল শুনানীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে বলে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন । সূত্র : বিবিসি বাংলা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
সরকার পক্ষের আইনজীবী আদালতে আরও জানান, সংরক্ষণ নিয়ে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার। এই ধরনের সিদ্ধান্তে আদালত আদৌ হস্তক্ষেপ করতে পারে না।এবিষয়ে শীর্ষ আদালতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে সরকার।
কোটা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশের পাঁচ জন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। পাঁচ মিনিট করে তাঁদের বলতে দেওয়া হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে শুনানি।
এদিকে শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিন প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি সেখানে সেনা সদস্যরাও পাহারা দিচ্ছেন।
গত কয়েক দিন ধরে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃতের সংখ্যা ১৫১। বাংলাদেশে শুক্রবার রাত থেকে কার্ফু জারি করেছে সরকার। যা এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। তাদের ‘দেখামাত্র গুলি চালানোর নির্দেশ’ দেওয়া হয়েছে।