সে লি না শে লী

  • খতপটি
  • ২০২৪-০৭-১৮ ০২:৪৭:৩৩
image

রক্তের কুসুম কেটে জরায়ু বুনেছি।
শিশুও জেনেছে আজ
রক্তপাঠ—মুখপাঠ এক জটিল বিজ্ঞান।
তোমাদের বিদ্যায়তনিক গ্রন্থে কেবলই
অক্ষরজ্ঞানী। 

তোমাদের ধর্মের দোকানে নেশার মাতম।
কর্পোরেট লুটেরার সহি সওয়াব
.                  আর রক্তের কারবার।
 
.                      প্রত্যহ অজুর ভোরে
মনপ্রতিমার রক্তনুন কাদামাটি খুঁজে
খতপটি বানাই।
রক্ত তবু থামে না।
 
গলনালিতে আটকে থাকা কান্নার আপেল থেকে—
চোখের ভয়ার্ত গভীর থেকে—
বেরুতে পারি না!
নিজেকে গিলে ফেলি!
প্রবারণা-ফানুসের ফাঁকে চাঁদ দেখে—
ছিটকে পড়া মগজ মনে হয়! 

নিজেকেই খুলে খুলে রাখি
ছিঁড়েখুঁড়ে পালাই—মনুষ্যজন্ম ভুলে থাকি! 
মনপ্রতিমার রক্তনুন কাদামাটি খুঁজে খতপটি বানাই।
রক্ত তবু থামে না।