হো স নে য়া রা বে গ ম

  • কথা ছিল ফিরে যাবো
  • ২০২৪-০৭-১৭ ১৪:৪২:৫৮
image

কথা ছিল ফিরে যাবো
এই ইট পাথরের শহরে রুটি-রুজির  প্রয়োজন মিটে গেলেই
ফিরে যাব-- কথা দিয়েছিলাম তেমনই 
দত্ত- দিঘির পাড় ঘেষে লতায় জড়ানো যে  উলুবন 
কথা দিয়েছিলাম তাকে 
জীবনের সব কাজ মিটে গেলে আবারও লুকোচুরি খেলব দল বেঁধে সকলে।
খা খা চৌচির ফসলের ক্ষেত ভেসে গেলে জোয়ারের  জলে
পোনা মাছ সরপুঁটি শিকারে আবারও যাব ভেলায় চড়ে।
সব কাজবাজ চুকেবুকে গেলে একদিন জীবনের শেষ প্রহরে
ফিরে যাব আবার আউসের ক্ষেতে; শাপলার বিলে।
বাড়ির ধার ঘেষে বয়ে গেছে তিরতিরে যে ছোট নদী 
কথা দিয়েছিলাম তাকেও 
জীবনের চাওয়া পাওয়া অভিলাষ উচ্চাশার পরিনতি শেষে 
আবারও ঝাপাঝাপি মাতামাতির উৎসব হবে ঘোলা জলে কাদামাটি গায়ে মেখে।
অথচ কোন কথাই রাখা হয়নি  আজও
কঙ্ক্রীটের এই ইট পাথরের শহর ইচ্ছের পায়ে
শিকল বাঁধে অবিরত। 
অভ্যাস অনভ্যাসের দোলাচালে বন্দী এ যাপিত জীবন কথা না রাখার গ্লানি শত সহস্র।