চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১৫ ২৩:৩৮:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. ওয়াহিদ(৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ডের মর্দানা বিকাশপাড়া মহল্লার মো. ফজলুর ছেলে।
ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে সদর উপজেলার আমনুরাগামী সড়কের আতাহার নামক স্থানে ঘটনাটি ঘটে। আমনুরাগামী মোটরসাইকেলটি  বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ওয়াহিদ। ঘটনার পর পুলিশ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২-৩৩১৭) আটক করে। নিহত ওয়াহিদ আতাহার দক্ষিণশহর এলাকার একটি গরুর খামারের কর্মী ছিলেন। তিনি বাড়ি থেকে একাই মোটরসাইকেলযোগে খামারে যাবার সময়  ঘটনার শিকার হন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই খুরশিদা বানু বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনহগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।