রা ব বা নী স র কা র

  • মরতে যাবো কোন দুঃখে
  • ২০২৪-০৭-১৫ ০১:০৫:৪৭
image

দড়িটায় ফাঁস এঁটে সিলিং ফ্যানে চোখ রাখলাম
নাঃ ! সাদি মহাম্মদের মতো অর্থহীন মৃত্যু চাই না,
মাটির কলসি খুঁজলাম দুধসাদা জ্যোৎস্নায়,
কিন্তু জলভরা দিঘি কই ! শানবাঁধানো ঘাট কই ! 
আবার অমন বোকা বোকা আত্মাহুতি 
                        কেবল নারীদেরই মানায়।

দেশে দেশে আত্মহত্যার বহু রকমফের আছে
অবশ্য কোনোটাই পুরুষোচিত নয় ---
প্রতিবন্ধী ছাড়া কেউই এ' পথে আসে না,
বিষপানে মৃত্যু সে-তো ইঁদুরেরই পরম্পরা রীতি
সে-ও ভালো যে লক্ষ্মীপ্যাঁচার খামচায় মরে না,
তীক্ষ্ণ ছোরায় তলপেট ফাঁসানো বেশ রোমাঞ্চকর
তাই হয়তো জাপানিরা আবেগের ধার ধারে না ---
আমার মতো ভেতোর জন্য যা ভীতিকর।

বুকটান বিপ্লবীরা নির্ভয়ে বধ্যভূমিতে হেঁটে যায়
এটা কোনোমতেই আত্মহনন নয়
নিশ্চয় কোনো পথ কিংবা আদর্শের আলোকে
নিশ্চিত মৃত্যুকে ওরা খুব কাছ থেকে দেখতে পায়।

না প্রেমিক না বিপ্লবী --- না খলনায়ক আমি
তবে তোমার জন্য মরতে যাবো কোন দুঃখে !
তুমি ছাড়া কী নারী নেই এই জগতে
তুমি ছাড়া কী পারবো না অন্য কারো হতে
নাহয় খড়কুটো হবো ভেসে যাবো বহমান নদী স্রোতে।