গোমস্তাপুরে গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১০ ২৩:৪৬:৫৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি গরুবোঝাই  ভটভটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এর চালক ও গরু ব্যবসায়ী ইব্রাহীম আলী(৪৫) নিহত হয়েছেন। তিনি বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার(১০জুলাই) সকাল  সাড়ে ১০টার দিকে ৩/৫ জন গরু ব্যবসায়ী নিজস্ব গাড়িযোগে গরু বিক্রি করতে জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডি হাট যাচ্ছিলেন। গাড়িটি রওনা হয়ে ইব্রাহীমের বাড়ির প্রয় একশত গজ দূরে যাবার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  পাকা সড়ক পাশে একটি গাছের সাথে ধাক্কা  মারে। এতে গাড়ি ও গাছের  মাঝে চাপা পড়েন ইব্রাহীম। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার  সময় মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দেলোয়ার হোসেন বলেন, দূর্ঘটনায় গরু বা অন্য যাত্রীদের তেমন কোন ক্ষতি হয় নি। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।