চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুস সাকিব ওরফে শামীম(২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা:আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। শামীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের উপর নিমগাছি সরকারপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং সরকার পক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২ জানুয়ারী বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি মিরের খৈলান এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় শামীম। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শামীমকে একমাত্র আসামী করে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রæয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান আদালতে একমাত্র শামীমকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত সোমবার শামীমকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইকবাল আজম হীরা।