ম নি খ ন্দ কা র

  • চলমান বিবর্তিত ধারা
  • ২০২৪-০৭-০৭ ০০:১৯:২৭
image

কখনো ভাষা ও মানচিত্র ঋতুর মতো বিবর্তিত হয়,
বদলে যায় মানুষের চলমান সংস্কৃতির ধারা,
শব্দ ও সহিঞ্চুতা, জীবনের গতিধারা নতুন সুর ও 
ছন্দে গড়ে তোলে প্রয়োজনীয় জীবনে চাহিদার আয়োজন।
কখনো নদীর মতো পথেরও পরিবর্তন হয়, বিবর্তন
পৃথিবীর এ এক অনাদি রুপ, চিন্তা ও চেতনার ফসল,
খাদ্য ও পোশাক সবই সময়ের সাথে সাথে বদলে যায়।
বদলায় আসবাব, সমাজ, পরিবেশ, দল, মত ও 
রাষ্টীয় অবকাঠামো। এখানে কিছুই স্থিতিশীল নয়। 
এই মৃত্তিকা, গ্রাম, শহর, বন্দর সব বদলাবে বদলে যাবে।

শ্লোগানের শব্দ, বিনোদনের উপকরণ, চিন্তার মাঠ
নৈতিকতার গুণাবলি, কবির কবিতা, কিষাণীর চাহিদা
পান পাত্র, ফুলদানি - প্রকৃতির সাথে মনোভাব বদলানো
মানুষের যাপিত জীবনের এ এক আদিম স্বভাব।

বিবর্তনের এ ধারা সৃষ্টির রহস্যে জাগ্রত, কখনো কিছু
হঠাৎ বদলায় কখনোবা সহস্র অযুত নিযুত বর্ষে,
গ্রহ ও নক্ষত্রের মতো ঘুর্ণিয়মান সব বদলায় রংয়ের ধারায়। 
চলমান জীবকূল পরিবেশের সাথে খুঁজে নেয়
তার সে সময়ের যাবতীয় উপকরণ। পৃথিবী ও মহাবিশ্ব
বিবর্তনশীল, এখানে কোনো কিছুই চিরদিন স্থায়ী নয়।