চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরিজন কোটা না মেনে ৬ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৬ ২২:৫৮:০১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সরকারি কোটা না মেনে ৬ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা। শনিবার (৬জুলাই) সকালে জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নিয়োগ বাতিলের দাবি করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে দূর্ণীতি ও অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের উপদেষ্টা রথিন দাস। তিনি বলেন, নিয়মানুযায়ী এই নিয়োগে অনগ্রসর হরিজন সম্প্রদায়ের অন্তত: ৮০ শতাংশ কোটা পাবার কথা। কিন্তু একজন হরিজনও নিয়োগ পান নি। এমনকি হাসপাতালে ১০ বছর যাবৎ স্বল্পবেতনে কর্মরত ৮ জন অস্থায়ী হরিজন পরিচ্ছন্নতাকর্মীর কাউকে নিয়োগ দেয়া হয় নি। অথচ নিয়োগ হলে তারা অগ্রাধিকার পাবেন বলে আশ^াস দিয়েছিলেন হাসপাতাল তত্বাবধায়ক। কিন্তু কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ  দিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে গত ২৯ জুন নিয়োগ সম্পন্ন করে। এরপর ঘটনাটি জানা যায়। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। অবিলম্বে নিয়োগ বাতিল না হলে এ ব্যাপারে বড় আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান পরিষদ নেতারা।
এ ব্যাপাারে হাসপাতাল তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, আউটসোর্সিং সরকারি নিয়োগের একটি পদ্ধতি।  ওই ৬ জন পরিচ্ছন্নতাকর্মী  নিয়োগের জন্য নিয়মানুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই ঠিকাদার নিয়োগ দেয়া হয়। ওই ঠিকাদারকে চাহিদা অনুযায়ী জনবল সরবরাহ করতে বলা হয়। সেই ঠিকাদারের হরিজন কোটা মেনেই নিয়োগ দেবার কথা। ঠিকাদার যে সেই পদ্ধতি মানেন নি তা কর্তৃপক্ষের নজরে ছিল না। এখন বিষয়টি জানার পর খতিয়ে দেখা হবে। ঠিকাদারের সাথে এ ব্যাপারে কথা বলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদ সভাপতি রাজেন হরিজন, সম্পাদক জেন্টু কুমার,জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পদক দিলীপ কুমার রায় প্রমুখ।