চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও শিক্ষকসহ জোড়া খুনের মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০১ ১৭:২৩:২৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫) ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে (৫৫) হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। গত  রবিবার(৩০জুন) দিবাগত রাতে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের  শ্যামপুর গ্রামের একটি পেয়ারা বাগান হতে এজাহারনামীয় আসামী  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের  আবুল হোসেনের ছেলে মো. বাবুল ঝাপড়া ওরফে বাবু(৪৫),একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহল আমিন ঝাপড়া(৪৫) এবং তদন্তেপ্রাপ্ত আসামী তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে(৪২) গ্রেপ্তার করা হয়। এছাড়া  রবিবার রাতে তদন্তেপ্রাপ্ত অপর আসামী আখতারুজ্জামানের ছেলে ওসমান আলীকে (২১) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার(১ জুলাই) বিকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় এ পর্যন্ত ৪ জন এজাহারনামীয়সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ।এদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত বৃহস্পতিবার(২৭জুন) রাতে রানীহাটীতে ওই ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।