ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষাদানের সুপারিশ

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-২৩ ০৯:০৭:০৩
image
নিউজ ডেস্ক: পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার মাধ্যমে জ্ঞানার্জন ও শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (২৩ জুন) জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন। বৈঠকে পার্বত্য এলাকায় পর্যটনসহ যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যেন পরিবেশ এবং প্রতিবেশের কোনো প্রকার ক্ষতি না হয় এবং পার্বত্য এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান, কৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ, জীবন-জীবিকার ক্ষতিসাধন কিংবা স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার মাধ্যমে জ্ঞানার্জনের জন্য স্থানীয় ভাষার সংরক্ষণ, শিশুদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ লাভের নিমিত্ত অনতিবিলম্বে স্থানীয়/আঞ্চলিক ভাষায় দক্ষ শিক্ষকদের পদ সৃষ্টি এবং শিক্ষক নিয়োগের ব্যাপারে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করেছে। কমিটি তিন পার্বত্য এলকায় দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে প্রতিষ্ঠিত ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় দ্রুত জাতীয়করণের ব্যাপারে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ারও সুপারিশ করে। এছাড়াও কমিটি তিন পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা শিথিলকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওযা সুপারিশ করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।