চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে এক শিশু ও এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এরা হল মনাকষা ইউনিযনের ৯ নং ওয়ার্ডের তারাপুর সাহাপাড়া সোনাপুর গ্রামের বেনজির আলীর ছেলে হাসান(১১) ও ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের মৃত আসাদ আলীর স্ত্রী নূর বানু (৭৪)। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(২৩জুন) ও গত শনিবার(২২জুন) ঘটনাগুলো ঘটে।
শিবগঞ্জ ফায়ার ষ্টেশনের লীডার আতিয়ার রহমান বলেন, রবিবার সকাল ১১টার দিকে হাসান সমবয়সী ৪/৫ সঙ্গীসহ বাড়ির ৩/৪ কিলোমিটার দুরে পাশের দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পদ্মানদীর রামনাথপুর এলাকায় গোসল করতে যায়। গোসলে নেমে মাছ ধরার এক পর্যায়ে নদীর গর্তে তলিয়ে যায় হাসান। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে খবর দেয়। রাজশাহী থেকে ডুবুরীরা এসে বিকাল ৪টার দিকে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে। একই ঘটনায় জেলের হাতে উদ্ধার অপর এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই)) জাহাঙ্গীর আলম বলেন, গত শনিবার সকাল ৯টার দিকে ধাইনগরের গোসাইবাড়ি মাদ্রাসাঘাটে গোসলে নেমে নিখোঁজ হন নূরবানু। স্থানীয়রা তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল শনিবার সন্ধ্যা ৭টার দিকে নূরবানুকে নদী থেকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।