রঙ বদলে আকাশের কি মন খারাপ হয়!
কোথায় যায় মেঘ উড়ে! কোন সে দেশে!
সে দেশেও কি আমারই মতো কেউ জানালায় দাঁড়িয়ে রয়েছে
আকাশের দিকে তাকিয়ে!
কেউ কি কণ্ঠে নিয়েছে সেই গান....
পরদেশী মেঘ যাওরে উড়ে বলিও আমার পরদেশিরে....
কিংবা মেঘ থম থম করে কেউ নেই...
মন খারাপ করা এই মেঘলা আকাশের দিকে চেয়ে
কবি আজ কোন- কবিতা লিখছেন?
সেই কবিতায় থাকছে কি নারকেল পাতার ফাঁকে
জুবুথুবু হয়ে জড়িয়ে থাকা একজোড়া শালিকের কথা!
থাকছে কি হাক ছেড়ে ফেরি করা ফেরিওলার কথা!
নাগরিক জানালার কথা?
এই যে মন কেমন করা সকালে
তোমাদের কি জন্মস্থানে ফিরতে ইচ্ছে হয়?
ফিরতে ইচ্ছে হয় শৈশবের সেই
গোল্লাছুট, কানামাছি খেলার সাথিদের কাছে?
সেই যে এককাপ গুরের চা
ভাগ করে তিনজনে খেতে ইচ্ছে করে প্রিয় বন্ধুর সাথে?
নিজ শহর ছেড়ে এই ব্যস্ত নগরীতে এসে
তোমদের কি ফের ফিরতে ইচ্ছে করে আপণ অরণ্যে?
সেই নব্বই থেকে দুই হাজার চব্বিশ,
পঁয়ত্রিশ বছর তবুও ইচ্ছেগুলো পিছু ডাকে,
এই শহরে ডাক নাম হারিয়ে গেছে,
সম্বোধনগুলো বদলে গেছে ....