তুমি চলে গেছো বলে ( কবি অসীম সাহা স্মরণে )

  • মোশাহেদ চৌধুরী
  • ২০২৪-০৬-২৩ ১২:৫৯:২৬
image

তুমি চলে গেছো বলে আমার প্রাত্যহিক কাজকর্মের কোনো অসুবিধা হয়নি। 
নাওয়াখাওয়া ঘুম সবই ঠিক ছিলো
শুধু ঘুমের ঘোরে হঠাৎ আঁতকে উঠেছিলাম।
কী যেন এক দুঃস্বপ্ন আমাকে তাড়া করছিলো বারবার।

তুমি চলে গেছো বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়মুক্তও হয়েছি 
অবশ্য ফিরেও দেখিনি কে কী মন্তব্য করেছে তোমাকে নিয়ে,
শুধু গুগল সার্চ করে তোমার লেখা কয়েকটা কবিতা পড়েছি। 

তোমার চলে যাওয়ার দিন আকাশটা মেঘলা ছিলো
আর তোপধ্বনির মতো কিছু শব্দ হয়েছিল আকাশে,
তুমি কী আকাশকে খুব ভালোবাসতে 
আকাশের বুক জুড়ে তবে কী ছিলো তোমার বিদায় হাহাকার !
 
তুমি চলে গেছো বলে আমি তোমাকে নিয়ে একটা কবিতাও লিখিনি 
কারণ চলে যাওয়ার অনেক কবিতা তুমি লিখে রেখে গেছো।

তুমি তো কবি ছিলে ---

কবি চলে গেলে কারো কিছুই হয় না
শুধু প্রিয় নদী রাতভর কার কথা মনে করে করে কেঁদে ওঠে আনমনে। 
তুমি চলে গেছো বলে পাখিকুল চুপচাপ ছিলো
ওরা হয়তো রাত্রির মধ্যপ্রহরে নীরবতা পালন করেছিলো
হয়তো চোখে ছিলো প্রিয়জন হারানোর বেদনা।

তোমার চলে যাওয়ার অনুভূতি মাটিকে জিজ্ঞেস করতেই
মাটি মমতার বিশ্বাসে বললো, তুমি চলে যাওনি
তুমি নাকি রয়ে গেছো তার সারা সত্তা জুড়ে।