চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে ২০২০ সালে নাচোলে এক শিশুকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হযরত আলী (২৪) নামে এক যুবকের গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হযরত আলী নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার নিজামুল হক লেবুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বৃহস্পতিবার (২০জুন) সকালে এলাকাবাসী বাড়ির অদুরে একটি ছোট আমবাগানে হয়রত আলীর মরদেহ গলায় ওড়নার ফাঁস দেয়া অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় মরদেহের উপরের একটি আমগাছের ডালে ওই ওড়নার অপর অংশ বাঁধা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হযরত আলী ওই ডালের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করার সময় ওড়না ছিঁড়ে নীচে পড়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হযরত আলী সাজাপ্রাপ্ত হবার পর জামিনে ছিল। জামিন শেষে সে পলাতক হয়। ৭/৮দিন যাবৎ সে এলাকায় ঘোরাঘুরি করছিল। পরিবার ও অনান্য সূত্রে পুলিশ আরও জানতে পেরেছে, ইদানিং সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন,গত বুধবার রাত ১১টার দিকে রাতের খাবার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে তার মা জনিয়েছেন। এরপর সকলে তার মরদেহ পাওয়া যায়। মরদেহে বাহ্যিক আঘাতের তেমন কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গত বুধবার দিবাগত গভীর রাতে সে আত্মহত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।