চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের ধারাল অস্ত্রের আঘাতে আব্দুল খালেক টিংকু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া জয়নালবিশ^াসেরটোলা গ্রামের মো: তফজুলের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা তফজুল ও ভাই আব্দুল মালেক। তাদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই ও একই গ্রামের মো: মন্টুর ছেলে আজিমসহ(২২) দু’জনকে আটক করেছে। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত দুটি হাসুয়া।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে জয়নালবিশ^াসেরটোলা গ্রামে বাড়ির পাশে তফজুল ও তার ভাই মন্টুর ছেলেদের মধ্যে মারামারি বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় তফজুল এবং তার দু’ছেলে খালেক ও মালেক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তার বলেন, খালেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দু’পা, পিঠ ও মাথায় হাসুয়ার আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত সকলকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিণ বলেও জানান ওসি।