রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে পিয়ংইয়ং গেছেন। পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। শিগগিরই কিম ও পুতিনের আলোচনা শুরু হবে।
বুধবার ভোরে পুতিন উত্তর কোরিয়ার রাজধানীতে পৌঁছান। সেখানে কিম তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছিলেন। কোরিয়ান এক মহিলা লাল গোলাপের তোড়াসহ এতিহ্যবাহী হ্যানবোক উপহার দেওয়ার পর দুই নেতা করমর্দন এবং আলিঙ্গন করেন। উত্তর কোরিয়ার নেতা তারপরে পুতিনকে নিয়ে লিমোজিনে করে মোটর শোভাযাত্রাসহকারে রাশিয়ার পতাকা ও রাশিয়ান নেতার প্রতিকৃতি দিয়ে সজ্জিত রাস্তা ভ্রমণ করে রাষ্ট্রীয় অতিথি ভবর কুমসুসানে পৌঁছান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, দুই নেতার মধ্যে বৈঠকটি একটি ঐতিহাসিক ঘটনা যা উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের অজেয়তা এবং স্থায়িত্ব। দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য একটি শক্তিশালী কৌশলগত দুর্গ এবং একটি নতুন বহু-মেরু বিশ্বের বিনির্মাণকে ত্বরান্বিত করার জন্য একটি ইঞ্জিন হিসেবে আবির্ভূত হয়েছে।
২৪ বছরের মধ্যে পুতিন প্রথম উত্তর কোরিয়া সফরে এসেছেন। রাশিয়ার প্রযুক্তিগত দক্ষতার বিনিময়ে পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করছে- এই উদ্বেগের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
মস্কো ও পিয়ংইয়ং অস্ত্র হস্তান্তর অস্বীকার করেছে তবে সামরিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
পুতিন ও কিমের শেষ দেখা হয় পূর্ব রাশিয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে।
উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য কয়েক বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। রাশিয়া ইউক্রেনে তার আগ্রাসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার সঙ্গেও লড়াই করছে।
পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন।
তার পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, “সফরের সময় বেশ কয়েকটি নথি স্বাক্ষরিত হবে, সম্ভবত একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের চুক্তিসহ।”