বিশ্বেজুড়ে যুদ্ধ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৯ ১৮:৪৬:৩০
image

ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিশ্বেজুড়ে যুদ্ধ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। যুদ্ধ-সংঘাত বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান তিনি। 
 বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন অব্যাহত ভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। 
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ পুলিশ। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। জাতিসংঘ ও বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের কর্মকর্তারাও যোগ দেন। 
অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনকালে আহত বাংলাদেশের তিনজন শান্তিরক্ষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। 
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে। বিশ্বশান্তি নিশ্চিত করা বর্তমান সময়ে কঠিন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ-সহিংসতা মানবজাতির জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। অস্ত্র কেনার টাকা জলবায়ু অভিঘাত মোকাবেলা, খাদ্য ও শিক্ষার উন্নয়নে ব্যয় করার আহবান জানান তিনি। 
শান্তিরক্ষীদের সরকার সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পরে পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্বপালনকারী বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। এসময় তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন তিনি।