ঘরের ভেতরে স্কুল শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৬-২০ ০০:০৯:৩২
image
সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানী নগরে নিজ ঘর থেকে এক স্কুল শিক্ষিকার গলাকাটা লাশ ও তার গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন স্কুল শিক্ষিকা তপতী রানী দে ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্য। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, তপতী রানী দে ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা। তিনি সোয়াইরগাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। শনিবার রাতে বাথরুমের জানলা দিয়ে প্রতিবেশিরা গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওসমানী নগর থানার উপপরিদর্শক নাজমুল হুদা জানান, রাত ১২টার দিকে বাসার দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানী দের গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পারিবারিক সূত্রে জানা যায়, তপতী রানীর দের স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়াইরগাও গ্রামের বাড়িতে থাকেন। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সিলেট ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আমরা এখনও ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করছি। এখন এর বেশি কিছু বলতে পারব না।