ফেঞ্চুগঞ্জে কোটি টাকায় নির্মিত মসজিদের দেয়ালে ফাটল
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৬-১৯ ১৯:০৯:৩২
নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল সারকারখানায় নব নির্মিত মসজিদ নির্মাণ হতে না হতেই দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শনিবার (১৯ জুন) মাগরিবের নামাজ আদায়ের সময় বিষয়টি লক্ষ্য করেন মুসল্লিরা।
নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাকে প্রাথমিকভাবে ত্রুটির কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে গত মাসে মসজিদটি অনানুষ্ঠানিকভাবে উদ্ভোধন করে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় এলাকার বাসিন্দা বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি নিজে নামাজ পড়তে মসজিদে নিয়মিত যাই। আজ মাগরিবের নামাজ আদায়ের জন্য সেখানে গেলে আমি নিজে এই ফাটলগুলি লক্ষ্য করি। সাথে মুসল্লীরাও তা দেখে আতংকিত হয়ে পড়েন। আমি সারকারখানার নির্মাণ কাজের নিম্নমানের এসব কাজের নিন্দা জানাই এবং এই মসজিদের নির্মাণ কাজে যারা অনিয়মের সাথে যুক্ত ছিল সবার দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দরকার বলে মনে করি। যারা আল্লাহর ঘর নিয়ে দুর্নীতি করে তাদের কি আল্লাহর ভয় নেই? এদের অতিবিলম্বে দোষীদের চিনহিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটি একটি গর্তের পাশে মাটি ভরাট করে নির্মাণ করায় এ ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। কারণ পার্শবর্তী গর্ত ভরাট না করে ফিলার দিয়ে ধাবিত হওয়া থেকে আটকানো হয়েছে। পাশের খাল এবং গর্তের কারণে ইতমধ্যে মসজিদটি ধাবিত হয়েছে।
এছাড়া মসজিদের অজুখানা ও বাইরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। তবে মসজিদের নির্মাণ কাজের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কর্তৃপক্ষ কাউকে অবহিত করে নি।
এ বিষয়ে শাহজালাল সারকারখানা মসজিদ পরিচালনা কমিটির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।