চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যাক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫মে) বিকালে স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ ষ্টেডিয়াম ও ডিগ্রী কলেজ সংলগ্ন সড়কের পাশে ঘাসের উপর পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, কলেজের নাইটগার্ড মো.ইব্রাহীম ও স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ঐ ব্যাক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন প্রকৃতির ছিল। তিনি নিজেকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিতেন। তিনি ওই এলাকাসহ শিবগঞ্জের কানসাট এলাকায় কিছুদিন যাবৎ ঘোরাফেরা করতেন। গত শুক্রবার(২৪মে) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ওই ব্যাক্তির সাথে শেষ কথা বলেছেন। এরপর তিনি ওই ঘাসে গিয়ে শুয়ে পড়েন। শনিবার সকাল থেকে তাকে ওই স্থানেই শুয়ে থাকতে দেখা যায়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়রা নিশ্চিত হন যে ওই ব্যাক্তি মারা গেছেন।
পরিদর্শক সুকোমল আরও বলেন,মরদেহে বাহ্যিকভাবে কোন আঘাতের চিহ্ন নাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যাক্তি রাতে জীবিত ছিল। শনিবার দিনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ওই ব্যাক্তির পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। পিবিআই মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।