জিডিপি প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বাড়বে-বিবিএস
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৫-২১ ০৯:৫০:০৬
সোমবার (২০ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে জানিয়েছে,
চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে পাঁচ দশমিক ৮২ শতাংশ হবে। যেটি আগের ২০২২-২৩ অর্থবছরে পাঁচ দশমিক ৭৮ শতাংশ ছিল।
বিবিএস বলছে, এ বছর বাংলাদেশের জিডিপির আকার বেড়ে দাঁড়াবে ৫০ লাখ ৪৮ হাজার কোটি টাকা। আগের অর্থবছরে ছিল ৪৪ লাখ ৯০ হাজার কোটি টাকা।
সাময়িক হিসাবে বলা হচ্ছে, এ অর্থবছরে সবচেয়ে বড় ধাক্কা আসছে শিল্পখাতে। শিল্পখাতের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ছয় দশমিক ৬৬ শতাংশে। আগের অর্থবছরে ছিল আট দশমিক ৩৭ শতাংশ। প্রবৃদ্ধির হিসাবে সবচেয়ে খারাপ কৃষি খাতে, তিন দশমিক ২১ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল তিন দশমিক ৩৭ শতাংশ।
তবে শিল্প ও কৃষিতে কমলেও আগের বছরের তুলনায় এবার সেবা খাতের প্রবৃদ্ধি বাড়বে বলে ধারণা দিয়েছে বিবিএস। সংস্থাটি বলছে, সেবা খাতের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে পাঁচ দশমিক ৮ শতাংশে, আগের অর্থবছরে ছিল পাঁচ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে বিশ্বব্যাংকের হিসাবে এ প্রবৃদ্ধি আরও কম হবে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে পাঁচ দশমিক ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক আট শতাংশ।