চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা শহরের মাষ্টারপাড়া মহল্লায় ‘ইয়াসিন টাওয়ার’ নামে একটি ভবনের পঞ্চমতলার ফ্লাটের একটি কক্ষে নিজেই ভেতর থেকে ছিটকিনি আটকে দিয়ে আটকে পড়া সায়মা খাতুন নামে চার বছরের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সায়মা নাচোলে কর্মরত সরকারী চাকুরীজীবী মাহবুবুল আলমের মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত শনিবার(১৮মে) রাত ১১টার দিকে ওই কক্ষে ঢুকে ভেতর থেকে ছিটিকিনি আটকে দেয় সায়মা। সে ছিককিনিতে একটি ফিতাও আটকে দিয়ে নিজেই আর ছিটকিনি খুলতে পারছিল না। এ সময় তার পিতামাতাসহ পরিবারের সদস্যরা শিশুটির খোঁজ শুরু করে। ওদিকে শিশুটি ঘরের মধ্যে চিৎকার করে কান্না করতে থাকে। এ অবস্থায় পরিবারটির মধ্যে আতংকের সৃষ্টি হয়। ঘটনা জানতে পেলে বাড়ির মালিক তরিকুল ইসলাম ফায়ার সার্ভিসকে খবর দেয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নাচোল ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লীডার এমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস রেসকিউ দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ‘ডোর ওপেনার’ নামক যন্ত্র ব্যবহার করে ছিটকিনি কেটে দরজা খুলে অক্ষত অবস্থায় শিশুটিকে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করে বাবা-মায়ের কোলে তুলে দেয়।
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত হয় ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রশংসিত হয়। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী এই দলটি গত ২৬ এপ্রিল নাচোলে গভীর নলকুপের পাইপে পড়ে যাওয়া এক যুবককে ১২০ ফুট গভীর থেকে জীবীত উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে ৫ ঘন্টার মাথায় মরদেহ উদ্ধার করে।