গোমস্তাপুরে মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে মেডিক্যাল ছাত্রীর আত্মহত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-১৪ ২০:২২:০৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ ঢুলিপাড়া মহল্লার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে উম্মে হাবিবা বর্ষা(২০) নামে এক তরুনীর গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই মহল্লার হেলালউদ্দিনের মেয়ে এবং রহনপুর হেমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত গভীর রাতে(১৪ মে) নিজ ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে ছাদে ফ্যানের হুকের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বর্ষার পরিবার পুলিশকে জানিয়েছে, মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে বর্ষা আত্মহত্যা করেছে। তবে তার মৃত্যুর অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাসেম খন্দকার বলেন,গত রাত দেড়টা থেকে সকাল ৭টার কোন এক সময় বর্ষা এ কাজ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা বিসয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।  দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে সুরুৎহাল রিপোর্ট প্রস্তুত কওে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।