চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য একটি শুনানীর জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে বানিজ্য মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রবিবার (১২মে) মন্ত্রনালয়ের বানিজ্য সংগঠন-১ এর উপসচিব এমএম মোস্তফা জামাল চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি সংশ্লিস্ট সকল পক্ষকে জানানো হয়। পত্রে বলা হয়, আগামী ১৫মে শুনানীটি বানিজ্য সংগঠনের মহাপরিচালকের (যুগ্মসচিব) সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ মন্ত্রনালয়ের পত্র পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,শুনানীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে অংশ নেয়া হবে।
উল্লেখ্য গত ৭মে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ৪৩ জন সহযোগী সদস্য চেম্বার সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র পরিপন্থিভাবে তাঁদের সদস্যপদ নবায়ন আটকে রাখার প্রতিকার চেয়ে ও নবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে স্মারখলিপি দেন। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। এর আগে গত ২৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ৮ জন পরিচালক বানিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও যাবতীয় অনিয়ম তদন্তের জন্য আবেদন করেন। এসব ঘটনার ধারাবাহিকতায় চেম্বার সভাপতি রবিবার(১২মে) দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যা করা হয়েছে এবং হচ্ছে তা সম্পূর্ণ গঠণতান্ত্রিক। কোন অনিয়ম হয় নি বলেও তিনি দাবি করেন।