আজ গোলাপগঞ্জে ভোটগ্রহণ : কে হাসছেন বিজয়ের হাসি?

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-০৮ ০০:৪০:৫৩
image
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ। নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে গত সোমবার রাত ১২টায়। শেষ দিনে প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীদের নির্ঘুম প্রচার প্রচারণায় মুখরিত গোলাপগঞ্জ উপজেলা। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন দোয়াত কলম প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (যুক্তরাষ্ট্র প্রবাসী), অপর প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, ঘোড়া প্রতীকের শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (যুক্তরাষ্ট্র প্রবাসী) এবং ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা, আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জল। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ (তালা), প্রবাসী আকমল হোসেন (বই), আল ইসলাহ নেতা নাবেদ হোসেন (চশমা) ও লবিবুর রহমান লবিব (টিউবওয়েল)।ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সেলিনা আক্তার শিলা (ফুটবল), মো. নার্গিস আক্তার (কলস)। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন যাতে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণ ভাবে দিতে পারে এবং সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে প্রশাসনকে চার স্তরের নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং করেছি। গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকটি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি গোলাপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৯২৬, মহিলা ভোটার এক লাখ ৩১ হাজার ৭৮৪ ও হিজড়া ভোটার ১ জন। গোলাপগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা ১১টি ইউনিয়ন রয়েছে । মোট ভোট কেন্দ্র রয়েছে গোলাপগঞ্জে ১০৩টি ।