রো ক্সা না আ বি দা

  • আর নয় ন্যুব্জতা
  • ২০২৪-০৫-০৬ ১০:০২:২৮
image

পরাভূত পাখির শিস্ হয়ে উড়ে যেতে চাইনা,
হতে চাই আলোকবর্ষ দূরের না ছুঁতে পারা নক্ষত্রের ঔজ্জ্বল্য, আমার কবিতারা হয়ে উঠে 
দ্রোহের বজ্র বিদ্যুৎ, চেতনায় আঘাত হানে অনাচারের বিরুদ্ধে জেগে উঠার জন্য।

জীবন বোধের নিজস্ব আয়নার সামনে আমি দাঁড়িয়ে, মাঝে মাঝে ইচ্ছে জাগে আগ্রাসী 
বাস্তবতার টেবিলে জুয়াড়ির মতো বাজি ধরি,
নিজেকে চ্যালেঞ্জের মতো ছুঁড়ে দিই
নৈরাজ্যবাদী হাওয়ার বিরুদ্ধে। 
 
একবার হলে ও মহাকাশের ক্যানভাসে এঁকে দেবো দারিদ্র্য দূরীকরণের স্বপ্ন, আজকাল চেতনা 
বন্ধক দেওয়া মুখোশের ভিড়ে আমি মানুষ খুঁজি,
সহজিয়া জীবন ভেসে যায় আত্ম প্রচারণায়

অন্তরীণ বাক্যালাপ মুখ বুঁজে কাঁদে অহরহ 
কেবলই ডেকে যায় অশরীরী হেয়ালি আঁধার, 
নগ্নপায়ে কিছু মানুষ আজও শিরদাঁড়া উঁচিয়ে হাঁটে
আমি তাদের দলে সামিল হয়ে শিকড়ের কাছে ফিরে যাবো।