একটা কবিতা লেখার আপ্রাণ চেষ্টা করছি
কিন্তু কবিতাটি আর লেখা হচ্ছে না।
অবশ্য মনের ভেতর কিছু পঙক্তিমালা উঁকি দিচ্ছে বারবার
এখানে মালা বলাটা ঠিক হলো না মনে হয়
কারণ শব্দ দিয়ে একটা মনোহর মালা আজ গাঁথতে পারছি না।
অনেক সুন্দর শব্দ আছে আমার ভান্ডারে
যেমন চন্দ্র-সূর্য, আকাশ-বাতাস, নদী-নারী, অরণ্য-পাহাড়
এ'রকম আরো আরো।
আকাশে মেঘ জমা থাকলে যেমন তাকে বৃষ্টি বলা যায় না,
মনের আকাশে জমাকৃত শব্দগুলোকে
ঠিক তেমনি কবিতা বলা যায় না।
কাব্যলক্ষ্মীর সাথে আমার কোনো বিরোধ নেই।
তাহলে কবিতা আসবে না কেন ?
পৃথিবী জুড়ে আজ খরা চলছে
সূর্যের উত্তাপে দগ্ধ হয়ে গেছে প্রকৃতি ও আমার মন।
যে আমাকে কবিতা লেখায় সে-তো চলে গেছে অভিমান করে।
সে তেত্রিশ তলা ভবনের করিডোর থেকে মিটিমিটি হাসছে চালচুলোহীন আমাকে দেখে।
জানি না মানুষ এত পালটায় কেমন করে
তাহলে কী ভালোবাসার অন্য প্রান্তে লুকিয়ে থাকে কেবলি লোভ,
ভালোবাসা কী হৃদয় হত্যা করার অভিনব মারণাস্ত্র !
আসলে ভালোবাসার এক একটা কবিতা যেন মিথ্যার মহাকাব্য।