চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজা জব্দ,সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৪-২৮ ০০:০৬:৪৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরে পৃথক দুই অভিযানে কুমিল্লা থেকে আনা ৮ কেজি গাঁজাসহ এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার(২৬ এপ্রিল) অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তাররা হল-কুমিল্লার বাখরাবাদ চাপাপুর এলাকার মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল(২৬),চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার সাদেকুল ইসলামের ছেলে মো.সানাউল্লাহ(৩৫),চাঁপাইনবাবগঞ্জ শহরের চান্দলাই এলাকার মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহমেদ(২৪) ও জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে তামিম(১৬)।
শনিবার(২৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং-এ অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে আসার পর শহরের স্বরুপনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় কুমিলা থেকে গাঁজা নিয়ে আসা নজরুল ইসলাম ফয়সাল, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্তত পলাতক আসামী সানাউল্লাহ ও ফয়সাল আহমেদ। গাঁজার চালানটি কুমিল্লা নিয়ে যাবার কথা ছিল। এর আগে গত শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নয়াগোলা এলাকা থেকে পায়ে বিশেষ কায়দায় জড়ানো ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয় তামিম। এসব গাঁজাও কুমিল্লা থেকে আনা। ওসি আরও বলেন, এ সব ঘটনায় সদর থানায় দু’টি পৃথক মামলা হয়েছে। আসামীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।