উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-যুবদলের তিন নেতাকে শোকজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২৫ ২৩:১৯:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী  ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার  বিএনপি ও যুবদলের তিন নেতাকে শোকজ করেছে বিএনপির হাইকমান্ড। গত বুধবার(২৪এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয় ওই তিন নেতার কাছে। ৪৮ ঘন্টার কারণ দর্শানো নোটিশপ্রাপ্তরা হলেন, চেয়ারম্যান প্রার্থী, বিএনপি জেলা কমিটি সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবর আলী, চেয়ারম্যান পদের অপর প্রার্থী,ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ।
দলীয় সূত্র জানায়,নোটিশে এই তিন নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের  কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এরপরেও দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থীতা প্রত্যাহার না করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ^াসঘাতকতা।