মদিনা থেকে-
সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের নব নির্বাচিত সাংসদ এম এ মোতালেব ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নব্বী জেয়ারতে এলে তাকে সংবর্ধনা দেয়া হয়। মদিনা প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম এর সভাপতি আব্দুস সামাদ আজাদ।
মদিনা প্রবাসী ফোরাম এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এরশাদ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মদিনা আওয়ামীলীগ এর সভাপতি লায়ন রফিকুল ইসলাম, প্রবাসী ফোরাম এর অর্থ সম্পাদক মোহাম্মদ আরমান, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ এর সদস্য ওমর ফারুক ভুট্টো ও লোহাগাড়া মডেল মসজিদ সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন।
সংবর্ধনা সভায় সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে সাতকানিয়া লোহাগাড়া এলাকার সাধারন প্রবাসী গণ উপস্থিত হন। সাংসদ এম এ মোতালেব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রবাসী নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্য প্রদান কালে প্রবাসী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী দাওয়া সাংসদের কাছে তুলে ধরেন।
সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে সাংসদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের দেশের জন্য শিরায় প্রবাহিত রক্তের মত। এই রেমিটেন্স এর উপরই দেশের অর্থনীতি টিকে আছে। প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার প্রতি আমাদের আরো আগে নজর দেয়া উচিত ছিল।
প্রবাসীদের দাবী দাওয়ার ব্যাপারে তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পরবর্তী মিটিংয়ে বিষয়গুলো তিনি তুলে ধরবেন ও সুরাহা করার চেষ্টা চালাবেন। এছাড়া দূতাবাস ও কনস্যুলেট পরিদর্শন কালীন সময়ে রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল এর সাথে বিষয় গুলো নিয়ে আলোচনা করবেন। সাতকানিয়া লোহাগাড়া এলাকার স্থানীয় বেশ কিছু সড়ক মেরামত ও পুনঃনির্মানের দাবী প্রসঙ্গে তিনি জানান, দেশে ফেরার সাথে সাথে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের সাথে আলোচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুল হক রিয়াদ, মক্কা আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম ও জেদ্দা কমিউনিটি নেতা রুবেল হোসেন।