কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায়।
নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)।
কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মামুনুর রশিদ মামুন ও তার ভাগ্নে আশরাফুল ইসলাম লাদেন একটি মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে কামালিয়ারচর এলাকায় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু'জন নিহত হন।
নিহত মামা-ভাগ্নের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।