বেদের মুখে হাসি ফোঁটাতে শাবিপ্রবির 'স্বপ্নোত্থান'র ইদবস্ত্র বিতরণ

  • শাবিপ্রবি প্রতিনিধি
  • ২০২১-০৫-০৫ ১৬:২১:৫২
image

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' প্রতিবছরের ধরাবাহিকতায় অসহায় মানুষদের মুখে ইদের হাসি ফোটাতে আয়োজন করেছে 'স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ - ২০২১'।

এ উপলক্ষে বুধবার (৫ মে)সিলেটের সালুটিকরের বেদেপল্লীর মানুষদের মধ্যে এ বিতরণ সম্পন্ন করে স্বপ্নোত্থান। এতে সর্বমোট ৪৬ জন মানুষের কাছে ইদের নতুন কাপড় পৌঁছে দেয় সংগঠনটি।

এ বিষয়ে স্বপ্নোত্থানের সিনিয়র সহ সভাপতি মোফাজ্জল হোসেন টিপু বলেন, 'স্বপ্নোত্থান প্রতিবছরই ইদে সমাজের প্রান্তিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ইদের খুশি বিতরণের চেষ্টা করে। এবারের আয়োজনও আমাদের কাজের এই ধারা অব্যাহত রাখার অংশ।সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা এবারও আমাদের এ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।'

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় জানান, 'প্রতিবার আমাদের স্বেচ্ছাসেবীরা ইদের সময় হলে বা মেসে যেয়ে অর্থ সংগ্রহ করে থাকেন। কিন্তু সর্বাত্মক লকডাউনের জন্য আমাদের পক্ষে এবার স্বশরীরে যেয়ে অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। মোবাইল ব্যাংকিং - এর মাধ্যমে সহায়তা এবং কুইজ কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।'