ছায়ানটের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৪-১৪ ১১:০৫:৩৪
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানমালা হল পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম প্রধান আয়োজন। রমনার বটমূলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আহীর ভৈরব রাগে বাঁশির সুরে এবার ছায়ানটের নতুন বছর আবাহনের শুরু হয়। এবারের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান।
প্রায় দুই ঘণ্টার এই আয়োজনের সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। ছায়ানটের ইউটিউব চ্যানেলেও দেখােনা হয়েছে অনুষ্ঠানটি।
সুরে সুরে রয়েছে মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণাভোগবাদ নয়, স্বার্থপরতা নয়, মনুষ্যত্বকে পাওয়ার অভিলাষ। আর নতুন বছরের প্রভাতে বাঙালিকে বরাভয় দিতে বলা হয়, ‘নাই নাই ভয় হবে হবে জয়...।’
ছায়ানটের পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সঙ্গে রাখা হয় জাতীয় কবির কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং কবি আবু বকর সিদ্দিককে স্মরণ।