গত ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলের হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১২ ২২:৪১:০৭
image

গত ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলের হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে মোট নিহতের সংখ্যা ৩৩ হাজার ৬’শ ছাড়িয়েছে। শরণার্থী শিবির, গাজা সিটি ও রাফা শহরেও হামলা চালিয়েছে ইসরাইল। ৬ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। 
এদিকে, ইসরাইল বলছে, তারা গাজার উত্তরাঞ্চলের ক্রসিং দিয়ে বেশ কিছু ত্রাণ সরবরাহকারী ট্রাক প্রবেশ করতে দিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। 
গাজা যুদ্ধের সময় ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার মাধ্যমে যুক্তরাজ্য সরকার যুদ্ধাপরাধের সাথে নিজেদের জড়াচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব সাহায্যকারী গ্রুপ অক্সফাম। সংস্থাটি বলছে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাওয়া যুক্তরাজ্যের পক্ষে বেআইনি, অনৈতিক এবং অসঙ্গতিপূর্ণ। 
অন্যদিকে, গাজায় হামাসের হাতে বাকী বন্দিদের বেশিরভাগই মারা গেছে বলে আশঙ্কা করছেন আমেরিকার গোয়েন্দারা।