সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১৮:৫৫:১৬
image

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ ই এপ্রিল) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো. আব্দুল্লাহ(২৫) ও হাফেজ মো. হুমায়ুন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মো. শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল (২৫) ও মোহাম্মদ আলী মিয়ার ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  
নিহত স্বজনদের পরিবার জানায়, ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে কুয়ালালামপুরে ফেরার পথে তাদের গাড়ির চাকা ফেটে যায়। এ সময় তাদের গাড়ি ধীর গতিতে চলতে থাকলে পেছনে থাকা আরেকটি মালবাহী গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। গাড়িতে থাকা আহত আরো দুজনকে হাসপাতালে ভর্তি রয়েছে।  
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, স্থানীয়ভাবে চারজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মরদেহ দেশে আনতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।