চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে। তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ (৯ এপ্রিল) সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী নেতৃত্বে উপজেলার ধর্মপুর, আজাদী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় সকাল দশটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় ধর্মপুর ও আজাদী বাজার থেকে কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো মো. আবু তাহেরের পুত্র মো. আশরাফ (১৭), মো. আবুল কাশের পুত্র মো. তাজিম উদ্দিন, মো. মাহবুবুল আলমের পুত্র মো. মোশারফ উদ্দিন ও মো. আবুল হাশেমের পুত্র মোহাম্মদ রিফাত (১৪)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপদ্রব সৃষ্টি করায় চার কিশোরের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডিত দণ্ডিত করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।