আজ আমার জন্মদিন। বরাবরের মত এবারো আমার জন্মদিন আসার আগে অবধারিতভাবে মন ভয়াবহ রকমের খারাপ ছিল। গতকাল থেকেই মেজাজ চরম খিটখিটে, অবস্থা এক পর্যায়ে চূড়ান্ত খারাপ হলো। আইডি ডিএকটিভ করে ফেললাম।
আমার আপনজনরা আমার এই সমস্যার ব্যাপারে ভালোভাবে অবগত না। সকাল থেকে ছেলে- মেয়ে রান্নাঘরে গিফট নিয়ে হাজির, আমি নিরস মুখে রেখে দিতে বলি। অফিসে যাবার আগে, অফিসে গিয়েও কেউ মেসেজ দেয়- আমার কোনো অনুভূতি হয়না। যখন চাইতাম সবাই মনে রাখুক, তখন সবাই ভুলে যেতো। এখন চাই কারো মনে না থাকুক, অথচ কিছুতেই কেউ ভুলে না।
সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম, আজ সারাদিন রান্নাঘরে কাটাবো। যা ইচ্ছে হয় রান্না করবো, নিজের মত সময় কাটাবো। রান্না করতে করতেই মনের ভারটা ধীরে ধীরে কমতে লাগলো। এভাবে অকারণেই বর্তমানের সুখময় সময়কে হেলায় হারিয়ে অতীতের অপ্রাপ্তিকে মনে করে কষ্ট পাওয়ার কোনো মানেই হয়না।
জন্মদিন আসলেই আমার বাবার কথা বেশী মনে পড়ে। ২০০২ সালে বাবার সাথে জীবনের শেষ জন্মদিন যেন গত হয়ে যাওয়া জীবনের সব অপূর্ণতাকে ঘুচিয়ে দিয়েছিল। বাবা বুঝতে পেরেছিলেন তাঁর যাওয়ার সময় হয়েছে, তাই মেয়েকে তার জীবনের সেরা জন্মদিনটা উপহার দিয়ে গিয়েছিলেন। আজ ২২ বছর পর জন্মদিনের ২য় কেক উপহার পেলাম। বাচ্চাদের খুশী দেখে ভালো লাগে, এটুকুই।
আমি আসলে আমার আপনজনদের কাছে ভীষণভাবে অপরাধী। আমি অতীতের অপ্রাপ্তি ভুলতে পারিনা, নষ্টালজিকতা নিয়ে পড়ে থাকি। এটা ঠিক না, একদমই না। এবারের জন্মদিনে আমার উপলব্ধি এই, আর মন খারাপ অনুভূতি নয়। এই জীবনে আর যে কয়টা জন্মদিন পাই, আগেই ঢাকঢোল পিটিয়ে নিজেই ঘরে জানান দিবো। উপহার কড়ায়-গণ্ডায় আদায় করে নিবো।