দেশের কয়েক জেলায় বজ্রপাত ও ঝড়ে ১২ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৭ ২৩:২২:৪৪
image

রোববার দেশের কয়েক জেলায় বৃষ্টি ও ঝড় হয়েছে। রাজধানীর কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়েছে। পিরোজপুর, পটুয়াখালী ও ভোলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। গাছ পড়ে তিন জায়গায় নিহত হয়েছে তিন জন।কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৭ জেলায় ১২ জন নিহত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে আবারো তাপদাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 
টানা কয়েকদিনের তাপদাহের পর রোববার থেকে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। খুলনায় সকাল নয়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, চলে প্রায় আধাঘণ্টা। সুন্দরবন উপকূলের পাইকগাছা, দাকোপ, কয়রা ও ডুমুরিয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে বজ্রপাতে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। বাগেরহাটে বজ্রপাতে মারা গেছে একজন। মাগুরায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে গরম অনেকটা কমেছে।
পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এ সময় গাছচাপায় একজন নিহত হয়েছে। 
কালবৈশাখী ঝড় তান্ডব চালিয়েছে পটুয়াখালীতেও। ঝড় ও বৃষ্টির কারণে অনেক কাঁচা বাড়ি ঘর এবং গাছপালা উপড়ে গেছে। ক্ষতির পরিমান নির্ধারণে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। বাউফলে বজ্রপাতে রাতুল সিকদার নামের এক শিশু মারা গেছে। একই উপজেলায় গাছ চাপায় একশ’ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে।
ঝালকাঠিতে বজ্রপাতে এক নারী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছে। কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে বজ্রপাতে মারা যায় এক নারী। রাজাপুর উপজেলায় বজ্রপাতে রুহুল আমিন নামে এক জেলে মারা গেছে। এছাড়া, সদর উপজেলার ইসালিয়া গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক শিশু ও এক নারী মারা গেছে। 
ভোলার লালমোহনে ঝড়ে গাছ পড়ে একজন এবং বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মনপুরা উপজেলার এবং তজুমদ্দিন উপজেলার বেশ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। নেত্রকোনায় খালিয়াজুরি হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নেমে তাপদাহ কিছু কমে আসছে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে থাকবে। এরপর থেকে আবারও মাঝারি থেকে তীব্র তাপদাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।