রাখাইন রাজ্যে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৭ ১০:৩৭:৪৬
image

রাখাইন রাজ্যে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। রাখাইন রাজ্যের বুথিডাং, মংডু এবং অ্যান শহরে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে আরাকান আর্মি। 
মিয়ানমারে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর থেকে সেনা সরকারের সাথে বিদ্রোহীদের নতুন করে যুদ্ধের কারণে রাখাইন রাজ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 
সামরিক অস্ত্র এবং ল্যান্ডমাইনগুলি সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, উষ্ণতম মৌসুম শুরু হওয়ার কারণে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিরাও তীব্র পানির সংকটে ভুগছে।  
এদিকে, গত ৫ মাসে মিয়ানমারের ৫২টি শহর দখল করেছে বিদ্রোহীরা, মিয়ানমার ভিত্তিক সংবাদ জোট-বিএনআই-এর মিয়ানমার পিস মনিটর-এমপিএম প্রকাশিত একটি প্রতিবেদনে এটি জানানো  হয়েছে। 
বিদ্রোহী গোষ্ঠীগুলো রাখাইন রাজ্যের নয়টি, চিন রাজ্যের নয়টি, উত্তর শান রাজ্যের ১৮টি, বাগো অঞ্চলের একটি, কারেননি রাজ্য (কায়াহ) এর ৫টি, কারেন রাজ্যে একটি, কাচিন রাজ্যে তিনটি, দক্ষিণ শান রাজ্যে দুটি এবং সাগাইং অঞ্চলে চারটি শহর দখল করেছে। 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৌশলগত প্রস্তুতি, তথ্য সুরক্ষা, অপারেশনাল দিক নির্দেশনা এবং বিদ্রোহীদের মধ্যে সুসংহত ঐক্যের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।