পৃথক জঙ্গি হামলায় ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা কর্মীসহ ২৭ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৫ ১০:২৭:৩১
image

সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলায় ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা কর্মীসহ ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহার ও রাস্ক শহরে এ ঘটনা ঘটে। 
রয়টার্স জানিয়েছে, চাবাহার ও রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গত রাতভর সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা চাবাহার ও রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। এই লড়াইয়ে ১১ রেভল্যুশনারি গার্ড এবং ১৬ জঙ্গি নিহত হয়েছে। লড়াইয়ে আরও ১০ রেভল্যুশনারি গার্ড আহত হয়েছেন।
শিয়া মুসলমান অধ্যুষিত ইরানে আদিবাসী সংখ্যালঘু বালুচ জাতিগোষ্ঠীর আরও বেশি অধিকার এবং আরও ভালো জীবনযাত্রার দাবি জানিয়েছে জাইশ আল-আদল। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা বাহিনী এবং সুন্নি মুসলিম জঙ্গিদের মধ্যে নিয়মিত লড়াই দেখা যায়। মাদক পাচারকারীদের সঙ্গেও নিরাপত্তা বাহিনীর নিয়মিত লড়াই হয়।