গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশেীর মরদেহ ফেরৎ দিয়েছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০৪ ২৩:২৭:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর  সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী রাখাল সাইফুল ইসলামের (৩৬) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয়  কর্তৃপক্ষ । বৃহস্পতিবার(৪ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে দায়িত্বশীল ১৬বিজিবি’ নওগাঁ’র রোকনপুর কোম্পানীর আওতাধীন বিভিষণ বিওপি’র অদুরে ১১৯/৮৮ সীমান্ত পিলারের নিকট জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। নিহত সাইফুল রাধানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে(৩ এপ্রিল,বুধবার) রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতের অভ্যন্তরে নিহত হন সাইফুল। গরু আনতে গিয়ে তিনি গুলির শিকার হন বলে জানিয়েছে বর্ডার সীমান্ত সংশ্লিস্ট সূত্রগুলো। গুলির পর সঙ্গীরা পালিয়ে আসলেও সাইফুলের মরদেহ বিএসএফ নিয়ে যায়।
বাংলাদেশের পক্ষে মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রোকনপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো: আহাদ,রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সংশ্লিস্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মাহবুব হোসেন, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম,নিহতের পিতা হাসান আলী ও ভাই মো: রেজাউল।
নায়েব সুবেদার আহাদ বলেন, যথাযথভাবে সকল প্রক্রিয়া সম্পন্নের পর বৃহস্পতিবার রাতে সাইফুলের লাশ হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন,নিহত সাইফুলের ময়নাতদন্ত করা মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়্ হয়েছে। মরদেহ গ্রহণ করেন তাঁর পিতা হাসান আলী ও ভাই রেজাউল। হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা ও ভারতের মালদা জেলার হবিপুর থানার পুলিশ উপস্থিত ছিল। চেয়ারম্যান মতিউর রহমান বলেন, মালদা ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহ হস্তান্তর করে। এ সময় সাইফুলের স্বজনরা ছাড়াও বাংলাদেশী গ্রামবাসী উপস্থিত ছিলেন।