বুধবার (৩রা এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন আজ অতিষ্ঠ। বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আজকে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতী আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে এটাই আমাদের মুক্তির একমাত্র পথ।'
মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নেয়া হয়েছে এমন দাবি করে তিনি বলেন, দুই যুগ ধরে আমাদের দেশে সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ অতীতের মত এখনো একইভাবে সমস্ত দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে।
এর আগে প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।